বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে – ড. হাছান মাহমুদ

শুভ বার্তা ডেস্কঃ-
১৪ জানুয়ারী ২০২২ ইং, ০২:৫২ মিনিট
ছবিঃ সংগৃহিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ বলেছেন যে- “বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশে হানাহানির উদ্দেশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করা, বিদেশীদের কাছে অপপ্রচার চালানো, সেগুলো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম।”
জনাব হাছান মাহমুদ আরো বলেছেন যে- “কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। গত বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। চিহ্নিত কয়েকজন আছেন যারা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছে, আরো কারা এর সাথে যুক্ত প্রয়োজনে সেই তালিকাও করা হবে।”
বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে নিজেদের মধ্যে মারামারি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেছেন যে- ” আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে বিএনপি সারা দেশে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ করছে। সমাবেশ করতে গিয়ে বিভিন্ন জেলায় তারা নিজেদের মধ্যে মারামারি করছে, চেয়ার-টেবিল ভাঙচুর করছে। গতকাল চট্টগ্রামে আরো একধাপ এগিয়ে মঞ্চটাই ভেঙে দিয়েছে। যে মঞ্চে দাঁড়িয়ে নেতারা বক্তৃতা করছিলেন তাদের হুড়োহুড়ি-মারামারিতে সেই মঞ্চ ভেঙে গেছে। যারা সঠিকভাবে নিজেদের সমাবেশ করতে পারে না, মারামারি করে এবং সমাবেশ করতে গিয়ে মঞ্চটা ভেঙে ফেলে তারা কিভাবে দেশ পরিচালনার কথা ভাবে সেটিই আমার প্রশ্ন।”
এ সময় ‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে বিদেশে নেয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেছেন যে- ” মির্জা আব্বাসসহ বিএনপির যেসব নেতা বোরকা পরে জামিন নেয়ার জন্য হাইকোর্টে যায়, তারা যখন এসব কথা বলেন, তখন তা মানুষের মনে হাস্যরসের উদ্রেক ঘটায়।”
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
