অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে “পর্তুগাল বিএনপি” এর ইফতার ও দোয়া মাহফিল
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
ছবিঃ সংগৃহীত
২৪শে এপ্রিল ২০২২ইং রোজ রোববার পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত ২৭০ নং রুয়াদা বেনফরমসো-তে অবস্থিত “স্পাইসি হাট” রেষ্টুরেন্টে দলের সর্বশ্রেণীর নেতা-কর্মী ও সমর্থক এবং আমন্ত্রীত অতিথিবৃন্দদের সরব উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পর্তুগাল শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

পর্তুগাল বিএনপির প্রচার সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল সালাম তালুকদার। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সিআরসিআইপিটি” পর্তুগালের সভাপতি জনাব আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ্। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রনি মোহাম্মদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জনাব মোঃ এনামুল হক, বিশিষ্ট সাংবাদিক জনাব তারিকুল হাসান আশিক, পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা ও “দৈনিক শুভ বার্তা” এর সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন, “সিআরসিআইপিটি” পর্তুগালের সাধারণ সম্পাদক হাফেজ জনাব মোস্তাফিজুর রহমান, পর্তুগাল বিএনপির দপ্তর সম্পাদক জনাব অলি আহমেদ সানী-সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও কমিউনিটির সর্বশ্রেণীর মানুষ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা একে একে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ্ বলেছেন যে-” আলহামদুলিল্লাহ, সবাইকে সাথে নিয়ে মাহে রমজানের একটি ইফতার করতে পেরে খুবই ভালো লাগছে। আসুন আমরা ভিন্নমতে বিভক্ত না হয়ে এই কমিউনিটির উন্নয়নের স্বার্থে একজোটবদ্ধ হয়ে কাজ করি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ এই কমিউনিটির মানুষের আরো বেশী উন্নতি হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ সাহাব উদ্দিন বলেছেন যে- ” এতো সুন্দর একটি পরিবেশে বসে সবাইকে সাথে নিয়ে ইফতার করতে পারার জন্য মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ খুবই অসুস্থ। প্রতিবছর রমজান মাসের প্রথম রোজার ইফতার তিনি এতিম ও অসহায় মানুষদেরকে সাথে নিয়ে করতেন, অথচ আজ তিনি গুরুতরভাবে অসুস্থ। দোয়া করি তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন।”
সভাপতির বক্তব্যে জনাব আব্দুল সালাম তালুকদার বলেছেন যে- “সময় স্বল্পতার জন্য বেশী কিছু বলতে পারছি না। আপনাদের সবার সরব উপস্থিতির জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পর্তুগাল বিএনপি নেতা জনাব পারভেজ ও জনাব অলিকে অসংখ্য ধন্যবাদ জানাই এজন্য যে- ওনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে।”

