আপনাদের কর্ষ্টাজিত অর্থ বাংলাদেশে বৈধ পথে প্রেরণ করুনঃ জনাব তারিক আহসান
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
তারিখঃ- ০৭ ডিসেম্বর ২০২২ইং রোজ বুধবার
ছবিঃ শুভ বার্তা
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে” আজ ০৭ ডিসেম্বর ২০২২ইং রোজ বুধবার বাংলাদেশ দূতাবাস অব লিসবন কর্তৃক আয়োজন করা হয় এক মতবিনিময় ও আলোচনা সভার।

দূতাবাসের দ্বিতীয় সচিব মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস অব লিসবনের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল রাজী, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এমরান হোসেন ভূঁইয়া ও পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জামাল ফকির, এফটিভির চেয়ারম্যান এবং দৈনিক শুভ বার্তা ও দৈনিক সবুজ আলোর সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন সহ গণ্য-মান্য আরো অনেকে।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব জহিরুল আলম জসিম বলেছেন যে- “আমরা সবাই অবশ্যই বৈধ পথে দেশে টাকা প্রেরণ করবো। তবে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদেরও কিছু দাবী আছে বাংলাদেশ সরকারের কাছে। এই যেমন- বিনা খরচে যেন রেমিটেন্স যোদ্ধাদের লাশ দেশে পৌঁছে দেওয়া হয়, প্রবাসীরা যেন ঢাকা এয়ারপোর্টে কোন ধরনের হয়রানীর শিকার না হন, প্রবাসীরা যেন প্রবাসে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, বৃদ্ধ বয়সে যেন প্রবাসীরা অল্প করে হলেও পেনশন পান এবং প্রবাসে মৃত্যুবরণকারী রেমিটেন্স যোদ্ধাদের পরিবারকে যেন সরকারের পক্ষ থেকে আজীবন দেখবাল করা হয়।”

প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান মহোদয় বলেছেন যে- “এই বৃষ্টি বাদল দিনেও আপনাদের এ সরব উপস্থিতির জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আপনাদের কর্ষ্টাজিত অর্থ দেশ ও জাতির স্বার্থে বৈধ পথে দেশে প্রেরণ করবেন।”
মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান আরো বলেছেন যে- “এ বিষয়ে উত্থাপিত আপনাদের দাবি গুলো আমরা অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবো এবং খুব শীঘ্রই বাংলাদেশ সরকার এ বিষয়ে আরো ব্যাপক উদ্যোগ গ্রহণ করছেন, যাতে করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আরো উপকৃত হন। ভবিষ্যতে আমরা বৈধ পথে দেশে টাকা প্রেরণকারীদের মধ্য থেকে বাছাই করে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান করবো।”

