বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৫ নম্বরে বাংলাদেশ

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
০৭ জানুয়ারী ২০২২ইং
নিউজিল্যান্ডের সাথে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখন পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে। বাংলাদেশের ঠিক ওপরে ৪ নম্বরে আছে ভারত। শতভাগ জয়ের হার নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া বেশি ম্যাচ জেতায় তাদের পয়েন্ট বেশি, তাই তারাই শীর্ষে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে বছর দুয়েক হলো। ২০১৯ থেকে শুরু হয়ে ২০২১ সাল পর্যন্ত চলা প্রথম আসর বাংলাদেশের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে ছিল। এ সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে চারটি সিরিজ খেলেছিল বাংলাদেশ। এই চার সিরিজে ৭ ম্যাচে বাংলাদেশের কোনো জয় তো ছিলই না, সব মিলিয়ে ড্র-ই করতে পেরেছে মাত্র একবার। হেরেছে বাকি ছয়টি।
সে বার সব মিলিয়ে ৪২০ পয়েন্টের খেলায় মাত্র ২০ পয়েন্ট পায় বাংলাদেশ। বলাবাহুল্য, ৯ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সবার নিচে থেকেই অভিযান শেষ হয়েছিল বাংলাদেশের। গত জুনে সাউদাম্পটনে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর।
আর এবার সব সংশয় মিথ্যা প্রমাণ করে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে আজ জিতে গেছে বাংলাদেশ। জয়ের হারের ভিত্তিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান নির্ধারিত হয়। এ পর্যন্ত ৩ টেস্টের ১টিতে জয় ও ২টিতে হার দেখায় বাংলাদেশের জয়ের হার ৩৩.৩৩ শতাংশ। অভিনন্দন টিম টাইগার্সদের।
