পঞ্চম ধাপে ৭০৭ ইউপি নির্বাচনঃসংঘর্ষ গুলি অগ্নিসংযোগ পাঁচ জেলায় নিহত ১০

শুভ বার্তা ডেস্কঃ-
০৫ জানুয়ারী

রক্তক্ষয়ী সংঘর্ষ, কেন্দ্র দখল, জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের মধ্যে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। এ ধাপে ভোট চলাকালে সহিংসতা ও গুলিতে বগুড়ায় পাঁচজনসহ পাঁচ জেলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। নির্বাচনী কেন্দ্র ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সিলেটের জকিগঞ্জের কাজলশার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঐ উপজেলার কৃষি কর্মকর্তার গাড়িতে সিলমারা কয়েকশ’ ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। ঐ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ঐ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এছাড়া নির্বাচনে রাজধানীর অদূরে সাভারের দুটি কেন্দ্র ঘুরে অনিয়ম পেয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সহিংসতায় ১০ জন মারা গেলেও নির্বাচন ভালো হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। নিহতের ঘটনায় দায় প্রার্থী ও তাদের সমর্থকদের বলেও দাবি করেন তিনি। সচিব বলেছেন যে- ” বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে এ ধাপে ৭০ ভাগের বেশি ভোট পড়েছে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *