নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় আদালতে অভিযোগপত্র গ্রহণ
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
গত বছর অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজ “এসকেএল-৩” এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ “এমএল সাবিত আল হাসান” ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় অদ্য অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
মামলার বাদীর আপত্তি না থাকায় এজাহারভুক্ত ১১ জন আসামীর নাম বাদ দিয়ে মাস্টারসহ তিনজনকে দায়ী করে দাখিল করা অভিযোগপত্রটি আদালতে গৃহীত হয়েছে। অভিযোগপত্রভুক্ত আসামীরা হলেন এসকেএল-৩ কার্গো জাহাজের মাস্টার ওহিদুজ্জামান (৫০), সুকানি আনোয়ার মল্লিক (৪০) ও ইঞ্জিনচালক মো. মজনু মোল্লা (৩৮)।
অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কার্গোর গ্রিজার হৃদয় হাওলাদার ও ফারহান মোল্লা, সুকানি নাজমুল মোল্লা, লস্কর রাজিবুল ইসলাম, মো. আবদুল্লাহ, নুর ইসলাম, সাকিব সরদার, মো. আফসার, সাগর হোসেন, আলিফ শেখ ও বাবুর্চি আবুল বাসার।
মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জনাব আসাদুজ্জামান দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “মামলার বাদী আদালতে হাজির হয়ে তিনজনকে দায়ী করে মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র নিয়ে কোনো আপত্তি নেই জানালে আদালত তা গ্রহণ করে বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

