সিলেটের গোলাপগঞ্জে অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার !!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
তারিখঃ ২২ নভেম্বর ২০২২ইং
ছবিঃ সংগৃহীত।

গতকাল অর্থাৎ ২১শে নভেম্বর ২০২২ইং রোজ সোমবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নাহিয়ান আহমদ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষক জনাব শাফি আহমদকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা জনাব সালেহ আহমদ চৌধুরী। জনাব সালেহ আহমদ চৌধুরী দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “মাদ্রাসার নিয়মবহির্ভূত ভাবে ছাত্রকে প্রহার করার কারণে অভিযুক্ত শিক্ষক শাফি আহমদকে মাদ্রাসা থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।”

উল্লেখ্য যে- গত রোববার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং চন্দনভাগ “আয়শা সিদ্দিকা (রা.) ইন্টা. তাহফিজুল কোরআন মাদ্রাসার” হিফজ বিভাগের ছাত্র নাহিয়ান রুটিন মোতাবেক পড়া মুখস্ত বলতে না পারার অজুহাতে বেত্রাঘাত করে তাকে মারাত্মক আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক।

এতে নাহিয়ানের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রের কোনো অভিভাবককে অবগত না করে এবং কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা না করে ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় আটকে রাখে।এরপর রাতে ছাত্রটি সুযোগ বুঝে মাদ্রাসা থেকে প্রাণভয়ে পালিয়ে যায়। মাদ্রাসা থেকে পালিয়ে গেলেও অভিভাবকদের বিষয়টি জানায়নি মাদ্রাসা কর্তৃপক্ষ বা ওই শিক্ষক। পরে কোন ভাবে অভিভাবকরা খবর পেয়ে এসে ওই ছাত্রকে খুঁজে বের করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এরপর সবকিছু জেনে মাদ্রাসা কর্তৃপক্ষ ঐ শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *