সিলেটের কানাইঘাট উপজেলার বন্যাদুর্গতদের পাশে বেশ বড়সড় আকারে দাঁড়িয়েছে “কানাইঘাট এসোসিয়েশন ইউকে”
শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
ছবিঃ শুভ বার্তা
বিগত বেশ কিছুদিন যাবত বিরতিহীন টানা বৃষ্টিপাত আর ভারতের অনাকাংখিত পাহাড়ী ঢলের বদৌলতে সৃষ্ট আকস্মিক বন্যায় ভাসছে পুরো বৃহত্তর সিলেট-সহ দেশের অন্যান্য অঞ্চল গুলো। তবে অনাকাংখিত এই বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলাটি। উপজেলার ৯টি ইউনিয়নই এবারের বন্যার পানিতে ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখন বন্যার পানি কিছুটা কমে এসেছে, তবু্ও এই বন্যার ক্ষয়-ক্ষতির পরিমাণটা কিন্তু অবর্ণনীয়ই বলা যায়।

সিলেটের কানাইঘাট উপজেলার বন্যাদুর্গত পানিবন্দী অসহায় এসব মানুষদের জন্য এবার খুবই শক্তিশালীভাবে ও মুক্ত হস্তে এগিয়ে এসেছে “কানাইঘাট এসোসিয়েশন ইউকে”। অনাকাংখিত এই বন্যার খবর পাবার সাথে সাথেই বন্যাদুর্গতদের জন্য বেশ নড়েচড়ে বসেন এসোসিয়েশনটির কর্তা-ব্যক্তিরা। ইতিমধ্যেই এসোসিয়েশনটির পক্ষ থেকে কানাইঘাটের বেশ কয়েকটি বন্যাদুর্গত এলাকায় দু’লাখ টাকা মূল্যের উপরে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে বন্যাদুর্গতদের জন্য।

কানাইঘাট উপজেলার বন্যাদুর্গত পানিবন্দী অসহায় এসব মানুষদেরকে যথাযথভাবে সাহায্য- সহযোগীতার জন্য গত কয়েকদিন যাবত এসোসিয়েশনটির নেতৃবৃন্দ ঘাম-ঝরা পরিশ্রম করে যাচ্ছেন। গত ২০শে মে রোজ শুক্রবার এসোসিয়েশনটি লন্ডন তথা ইউরোপের সবচেয়ে বড় মসজিদ “ইস্ট লন্ডন মসজিদ” থেকে কানাইঘাট উপজেলার বন্যাদুর্গতদের জন্য ২,৩৫,০০০/-( দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা ফান্ড রাইজিং করে, আলহামদুলিল্লাহ।

গতকাল অর্থাৎ ২৫শে মে রোজ বুধবার লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল “চ্যানেল এস” এ-তে আবারো এসোসিয়েশনটির পক্ষ থেকে কানাইঘাট উপজেলার বন্যাদুর্গতদের জন্য ফান্ড রাইজিং করা হয় এবং আগামীকাল অর্থাৎ ২৭শে মে রোজ শুক্রবার লন্ডনের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় টিভি চ্যানেল “টিভি ওয়ানে” এবং বিভিন্ন মসজিদে আবারো সিলেটের কানাইঘাট উপজেলার বন্যাদুর্গতদের জন্য আরো বড়সড় আকারে ফান্ড কালেকশন করা হবে, ইনশাআল্লাহ।

কানাইঘাট উপজেলার বন্যাদুর্গতদের জন্য এমন বড়সড় ফান্ড রাইজিং ও সহযোগীতার বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” কানাইঘাট এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মখলিছুর রহমান জানিয়েছেন যে- “আলহামদুলিল্লাহ, সিলেটের কানাইঘাট উপজেলার বন্যাদুর্গত পানিবন্দী অসহায় এসব মানুষদের সাহায্যার্থে সবাই মুক্ত হস্তে এগিয়ে এসেছেন। “মানুষ মানুষের জন্য” এবার সবাই যেন তাই প্রমাণ করলেন।

আপনারা অনেকেই জানেন যে- ১৯৮৫ সালে “কানাইঘাট এসোসিয়েশন ইউকে” এর সূচনালগ্ন থেকেই এসোসিয়েশনটি কানাইঘাট উপজেলার মানুষদের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক দূর্যোগ ও বিভিন্ন বিপদে-আপদে স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত মুক্ত হস্তে এগিয়ে এসেছে এবং বর্তমান-সহ ভবিষ্যতেও এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কানাইঘাট উপজেলার মানুষদের জন্য একইভাবে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে ও কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।

এবারের বন্যাদুর্গতদের জন্যও আমরা বড় আকারে ফান্ড কালেকশন করেছি এবং এখনো কিছু ফান্ড কালেকশন বাকি রয়েছে। তো সবগুলো ফান্ড রাইজিং সমাপ্ত হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা তা প্রকাশ করবো এবং কানাইঘাট উপজেলার বন্যাদুর্গত পানিবন্দী ক্ষতিগ্রস্ত এসব মানুষদের উপকারে সমানভাবে তা বন্টন করে দেওয়া হবে। আমরা চাই, কানাইঘাটের প্রত্যেকটি বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা যেন “কানাইঘাট এসোসিয়েশন ইউকে” এর সাহায্য সমানভাবে পান। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।”


