আওয়ামী লীগ নেতা টিপু ও কলেজছাত্রী প্রীতিকে হত্যার ঘটনায় জবানবন্দি দিয়েছেন আকাশ !!

শুভ বার্তা ডেস্কঃ-
০৫ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২১:৫০মিনিট
ছবিঃ সংগৃহিত

 

সম্প্রতি ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুটার মো: মাসুম ওরফে আকাশ। মঙ্গলবার পুলিশ সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে তিনি হত্যার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিত ঢাকার অতিরিক্ত মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত ২৮ মার্চ তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এরপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে ২৬ মার্চ রাতে বগুড়া জেলা থেকে মাসুমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য যে- গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *