ইসি গঠনে আইন প্রণয়নের দাবি গণফোরামের, বিকল্পধারার তিন প্রস্তাব
শুভ বার্তা ডেস্কঃ-
স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশ।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনের দরবার হলে গণফোরামের কার্যকরী সভাপতি মুকাব্বির খান এমপির নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধি দল এবং বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নান এমপির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পৃথক পৃথকভাবে সংলাপে অংশ নেন। সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, গণফোরাম নেতৃবৃন্দ সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন আইন প্রনয়ণসহ কয়েক দফা প্রস্তাবনা দেন।
গণফোরাম নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই জন্য দরকার স্বাধীন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন। তারা আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন ফলপ্রসূ হবে ।
সংলাপে বিকল্পধারার প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব পেশ করেন। তারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর পাঠানো ‘অনুসন্ধান কমিটি’র কাছে দেয়া নামগুলো থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নাম প্রস্তাবের সুপারিশ করেন।

