পোর্তোতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
২৪ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:৩৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা
পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তোতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান মাতৃভাষা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন পোর্তো নগরীর পিএস নেতা ও কাউন্সিলর এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি জনাব শাহ আলম কাজল। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস অব লিসবনের দ্বিতীয় সচিব জনাব আলমগীর হোসেন,পর্তুগালের মাইগ্রেশন এন্ড ইন্টিগ্রেশন সচিব জনাবা ডঃ ক্লাউডিয়া পেরেইরা এবং ইউরোপীয় ইউনিয়নের দায়িত্বশীল সদস্য ডাঃ ম্যানুয়েল পিজারো সহ পোর্তো নগরীর বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর বিভিন্ন পেশাজীবি মানুষেরা।
পোর্তো নগরীর স্থায়ী শহীদ মিনারে রাত আনুমানিক ৮.০০ ঘটিকা থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মহান ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। মহান ভাষা শহীদদের সম্মানার্থে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন পর্তুগালের মাইগ্রেশন এন্ড ইন্টিগ্রেশন সচিব জনাবা ডঃ ক্লাউডিয়া পেরেইরা। এরপর একে একে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংস্থা, সমবায় সমিতি, প্রেস মিডিয়া ও সাধারণ মানুষদের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর রাত আনুমানিক ৯.১৫ মিনিটের সময় “অ্যান্টোনিও কমার্শিয়াল দো পোর্তো অডিটোরিয়ামে” পর্তুগাল এসপাসোটি ও বাংলাদেশ কমিউনিটির অব পোর্তোর যৌথ স্পন্সরশীপে শুরু হয় এক মত বিনিময় ও আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারপার্টি। অনুষ্ঠানের শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় দেশাত্মবোধক ও অমর একুশে সংগীত।
এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” পোর্তো নগরীর পিএস নেতা ও কাউন্সিলর জনাব শাহ আলম কাজল জানিয়েছেন যে- “এবার বেশ ঝাক-জমকপূর্ণ ভাবে ও ভিন্ন আঙ্গিকে পোর্তোতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সবার সরব উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে আমাদের সবগুলো আয়োজন যেন সার্থক হয়েছে। এমন একটি আয়োজনের অংশীদার হতে পেরে এবং মহান ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে পেরে সত্যিই খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। “

