চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দেশসেরা হয়েছেন সুমাইয়া !!
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ বিজেএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে সহকারী জজ পরীক্ষায় মেধাতালিকায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের বড়াইগ্রামের মেয়ে সুমাইয়া নাসরিন শামা। বৃহস্পতিবার সহকারী জজ নিয়োগের জন্য নেয়া বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীত ১০২ জনের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় সুমাইয়া প্রথম স্থান অর্জন করেন।
সুমাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তার স্নাতকোত্তর (এলএলএম) পরীক্ষা চলছে। তিনি জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপক (অব.) প্রকৌশলী আবুল কালাম আজাদ ও নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজনীন খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী’র নাতনী। তাদের বাড়ি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীকোল মহল্লায়।
সুমাইয়ার পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- স্থানীয় আরএন কিন্ডারগার্টেন স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। এরপর লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ২০১০ সালে জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। একই স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ২০১৩ সালে এসএসসি পাস করেন।
এরপর সুমাইয়া ভর্তি হন রাজশাহী কলেজে। সেখানে ২০১৫ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ২০২১ সালের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন তিনি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর পরীক্ষা দিচ্ছেন। সুমাইয়ার এই সাফল্যে খুবই খুশী ও নিজে এবং তার আব্বু-আম্মু ও শিক্ষকেরা।

