সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে আরিফুল নামের এক শিক্ষার্থী নিহত
জসিম মাহমুদ
২১ অক্টোবর ২০২১ইং
সিলেটের দক্ষিণ সুরমা সরকারী কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জড়িয়ে মারামারিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম রাহাত (১৮)। তিনি উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
রাহাতের লাশ এখন ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে দক্ষিণ সুরমা কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী সাদি নামের একজনকে। সাদির বাড়ি উপজেলার সিলাম এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমা থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছেন যে- ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে অভিযুক্ত সাদি ও তানভিরকে দ্রুত গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদের গ্রেফতার করতে পারলে বিস্তারিত বলা যাবে।”
ঘটনার বর্ণনা দিয়ে নিহত রাহাতের চাচাত ভাই রাফি গণমাধ্যমকে বলেছেন যে- “রাহাত কলেজ শেষ করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আমিও তার মোটরসাইকেলে ছিলাম। যাওয়ার আগে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজের ভেতরে যায়। কলেজ থেকে বের হয়ে মূলগেটের সামনে আসা মাত্র সাদি নামের একজন পেছন থেকে অপর মোটরসাইকেলে করে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।”

