পাকিস্তানে তুষারপাতে ২১ জনের মৃত্যু-প্রধানমন্ত্রী ইমরান খানের শোক

 

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৯ জানুয়ারী ২০২২ইং, ০১:৩৭ মিনিট

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের কারণে গাড়িতে আটকা পড়ে অন্তত ২১ জন মারা গেছেন। সামরিক বাহিনী রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন এবং মুরি শহরের কাছে এখনো আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী ইমরান খান পর্যটকদের ‘মর্মান্তিক মৃত্যু’ নিয়ে শোক প্রকাশ করেছেন। এক টুইটার পোস্টে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধ নিশ্চিত করার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, তুষারঝড়ের সময় প্রায় এক হাজার গাড়ি হাইওয়েতে আটকা পড়েছিল। মুরি হচ্ছে রাজধানী ইসলামাবাদের উত্তরে অবস্থিত পর্বতঘেরা একটি শহর। মুরি শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের কেন্দ্র। সেখানেই শুরু হয়েছে অবিরাম তুষারপাত। ভারী তুষারপাত দেখতে সাম্প্রতিক দিনগুলিতে এক লাখেরও বেশি গাড়ি যাত্রীদের নিয়ে মুরিতে প্রবেশ করেছে।

পুলিশ জানিয়েছে, এর ফলে শহরের ভিতরে এবং বাইরের রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের মধ্যে ছয় জন নিজেদের গাড়িতেই মারা গেছেন, তবে অন্যরা কীভাবে মারা গেছেন তা এখনো স্পষ্ট নয়। এসব ব্যক্তি শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এরই মধ্যে মুরিকে ‘বিপর্যস্ত এলাকা’ বলে ঘোষণা করেছে। সাধারণ লোকজনকে এই এলাকা থেকে দূরে থাকতে আবেদন জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *