তীব্র শীতের রাতেও অনশন চালিয়ে যাচ্ছেন সিলেটের শাবিপ্রবির শিক্ষার্থীরা

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
২১ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:১৬
ছবিঃ শুভ বার্তা
তীব্র শীতের রাতেও অনশন চালিয়ে যাচ্ছেন সিলেটের শাবিপ্রবির শিক্ষার্থীরা। আর এই অনশন চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। যার ফলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এক এক করে শিক্ষার্থীদের। শুক্রবার ভোর পর্যন্ত আট শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এমনই চিত্র দেখা যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
এদিকে পুলিশের পাহারায় নিজ বাসভবনে আছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আর হিম শীতের রাতে বাইরে তার পদত্যাগ দাবিতে অবস্থান করছেন অনশনরত শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা অনশনে বসার প্রায় ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও অনশন ভাঙেননি কোনো শিক্ষার্থী। এদিকে অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত আট শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন সেসব হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত আট শিক্ষার্থীকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শমতে কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থার উন্নতি না হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। জানা যায়, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে এক এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।
অনশনরতদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে আটজন হাসপাতালে এবং চৌদ্দজন শিক্ষার্থীকে আন্দোলনস্থলেই স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে ঐ শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার জন্য প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। এতো কিছুর পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ কিংবা অনশনরত ছাত্র/ছাত্রীদের অন্যান্য দাবী-দাওয়া পূরণের কোন খোঁজ খবর নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
