জায়েদ-নিপুণের আইনি লড়াইঃ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সুপ্রিমকোর্ট হতে!!!

শুভ বার্তা বিনোদন ডেস্কঃ-
১১ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:২৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রায় দুই সপ্তাহ আগে সম্পন্ন হয়েছে। কিন্তু ফল নিয়ে ঝামেলা মিটছে না। জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ঐ পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

আগামী রোববার বিষয়টি শুনানির জন্য রয়েছে। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সবার দৃষ্টি এখন সুপ্রিমকোর্টের দিকে। এদিকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত চিত্রনায়িকা রোজিনা।

উল্লেখ্য যে- গত ২৮ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন তিনি। নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

সে আবেদনের পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারী সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারী আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন। একই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন নায়ক জায়েদ খান। এখন দেশের মহামান্য হাইকোর্ট এ বিষয়ে চূড়ান্ত কি সিদ্ধান্ত দেন তা জানার জন্য আগামী রোববার পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *