আগামীতে সিলেট থেকে বিভিন্ন দেশে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১৫ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:২৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শেষ হলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মো. মাহবুব আলী এমপি। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এমন কথা জানান তিনি।

 

প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন যে- “প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও ইচ্ছা অনুযায়ী কোভিডের সময়ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ বন্ধ হয়নি। এ সময়ের মধ্যেই রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণসহ অন্যান্য অনেক কাজ হয়েছে। ফলে এখন ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের হিথ্রোতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে।”

তিনি আরো জানিয়েছেন যে- “ওসমানী বিমানবন্দরে যে টার্মিনাল আছে, সেটি সাধারণত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এরকম টার্মিনাল উপযোগী নয়। তারপরও যুক্তরাজ্যের ‘ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের’ সঙ্গে পরামর্শ করে, তাদের নির্দেশনা মতো এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ওসমানী বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। ১১৬টি পাইলিংয়ের মধ্যে আজ প্রথম পাইলিংয়ের বোরিং কাজ শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ করা হবে। এরপর শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আর তার জন্য একটু সময় ধৈর্যের সাথে সবাইকে অপেক্ষা করতে হবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *