পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ !!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
০৯ মার্চ ২০২২ইং, সময়ঃ ০০:৪৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

 

৭ই মার্চ ২০২২ইং রোজ সোমবার পর্তুগালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’। “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর ঝাক-জমকপূর্ণ আয়োজনে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক এ দিবসটি।

১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া অমর ও ঐতিহাসিক সেই ভাষণের স্মরণেই যথাযোগ্য মর্যাদায় পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্তুগালেও দিবসটি পালিত হয়েছে।

‘ঐতিহাসিক ৭ই মার্চের’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ, পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ এবং পর্তুগালে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যগণ। প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহণে দিবসটি উপলক্ষ্যে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান বলেছেন যে- “বাঙালির অধিকার আদায়ের সকল গণতান্ত্রিক প্রচেষ্টা নিষ্ফল হবার প্রেক্ষিতে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলার নিষ্পেষিত মুক্তিকামী জনগণকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব এবং ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ সমগ্র বাঙালি জাতিকে যেভাবে স্বাধীনতা সংগ্রামে একাত্ম করেছিল, বিশ্ব ইতিহাসে তা একান্তই বিরল। আর সেজন্যই ইউনেস্কো ভাষণটিকে মানবজাতির একটি প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *