ইউক্রেনের সাথে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছেঃ ভ্লাদিমির পুতিন
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১১ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৬:০৪ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট মিঃ ভ্লাদিমির পুতিন বলেছেন যে- “ইউক্রেনের সাথে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে আমাদের কথা হয়েছে।”
মিঃ পুতিনের বক্তব্য অনুযায়ী রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। অদ্য মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে পুতিন আরো বলেছেন যে- “আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে- কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে ইউক্রেনের সাথে আমাদের কথা হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়?”
উল্লেখ্য যে- এখন পর্যন্ত দুই দেশের সীমান্তে দুই পক্ষের মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে এবং বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত এসব আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি বলে উভয় পক্ষই বিশ্ব গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন।

