হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনাঃ নিহত ৪

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১১ মার্চ ২০২২ইং, সময়ঃ ২০:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। আহতদের অনেকেই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে জানা যায় যে- “শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দুর্ঘটনাকবলিত বাসকে ধাক্কা দেয়। আর তাতেই ঘটে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা।”

নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই স্থানীয় জনগণসহ সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। হবিগঞ্জ, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *