আশিষ রায় চৌধুরীকে গ্রেফতার করতে রাজধানী গুলশানের একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব !!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
০৫ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৮:৫০মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ৫ই এপ্রিল ২০২২ইং রোজ মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ঢাকাই সিনেমার নায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করতে রাজধানী গুলশানের একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। মঙ্গলবার রাতে বিষয়টি দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি জনাব আ ন ম ইমরান খান।
জনাব ইমরান খান বলেছেন যে- “চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামী আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
এদিকে আদালত সূত্র থেকে জানা যায় যে- ” বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান সোহেল চৌধুরী। ঐ ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় হত্যা মামলাটি করেন। দীর্ঘ তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার জনাব আবুল কাশেম ব্যাপারী এ মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। দুই বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ঐ সময় এক আসামী মামলার স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে এক রিট আবেদন করেন।
এরপর দীর্ঘ ১৯ বছর পর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী স্থগিতাদেশ শেষে বিচারিক আদালতে নথি আসে। এরপর আদালত ২০ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন। ২০ মার্চ ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক জাকির হোসেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত অন্য দুই আসামী হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান। এ মামলার অন্যতম আসামী শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী শুরু থেকেই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। আর তাই আজ বোতল চৌধুরীকে গ্রেফতার করতেই র্যাবের এই অভিযান।

