বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে রোববার !!!
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল রোববার সকাল ৯টায়। প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৪১৫ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ দিয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে।
শনিবার সরকারি হজযাত্রীর প্রথম ফ্লাইটের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন দেশের গণমাধ্যমকে বলেছেন যে- “উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে রোববার সকালে বিমানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলীও থাকবেন। ওনারা হজযাত্রীদের বিদায় জানাবেন এবং দোয়া করা হবে।”
উল্লেখ্য যে- চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

