চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৪৯ !!!
শুভ বার্তা চট্টগ্রাম প্রতিনিধিঃ-
এম ই হাসান
০৫ জুন ২০২২ইং, সময়ঃ ২০:০২ মিনিট
ছবিঃ সংগৃহীত
গতকাল ০৪ জুন ২০২২ইং রোজ শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে ঘটে মারাত্মক ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা। আর তাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের লোকজন-সহ এখন পর্যন্ত মারা গেছেন মোট ৪৯ জন। গুরুতর আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থাও বেশ আশংকাজনক।
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন জনাব মোঃ ইলিয়াস চৌধুরী দেশের গণমাধ্যমকে বলেছেন যে- “আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। তাদের মধ্যে ১২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।”

অপরদিকে, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে যে- “আগুন নেভাতে গিয়ে তাদের নয়জন সদস্য নিহত হন। আরো তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। আহতদের অবস্থাও বেশ আশংকাজনক। এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় যে- “সেখানে বার্ন ইউনিটে গুরুতর অবস্থায় পাঁচজনকে নিয়ে আসা হয়েছে।”
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোঃ মাইন উদ্দিন দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “অগ্নিকাণ্ডে পাঁচজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কেননা চট্টগ্রাম ও ঢাকাতে চিকিৎসাধীন বহু গুরুতর আহত ব্যক্তিবর্গ রয়েছেন।”

