আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা জনাবা সৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকাল !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা জনাবা সৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। ১১ সেপ্টেম্বর ২০২২ইং রোজ রোববার রাত ১১টা ৪০ মিনিটের সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য যে- জনাবা সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কিছু দিন আগে সিএমএইচে ভর্তি হন। অবশেষে আজ চিকিৎসাধীন অবস্থায় ওনার ইন্তেকাল হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দেশের গণমাধ্যমকে জনাবা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তথ্য মতে – জনাবা সাজেদা চৌধুরী ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৬৯-১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। মুক্তিযুদ্ধকালীন কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সর্বশেষ ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন।

