শুক্রবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুব তালুকদারের দাফন সুসম্পন্ন করা হয়েছে !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

দেশের সর্বশ্রেণীর মানুষের ভালোবাসা ও সরব উপস্থিতিতে শুক্রবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে সাবেক নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদারের দাফন সুসম্পন্ন করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব জনাব এস এম আসাদুজ্জামান সন্ধ্যায় দেশের গণমাধ্যমকে এসব তথ্য দেন। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জনাব মাহবুব তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো: রুহুল আমিন জানাজায় ইমামতি করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল জানাজায় শরীক হন। জানাজা শেষে তার কফিনে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য যে- জনাব মাহবুব তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রয়েছে। জনাব মাহবুব তালুকদার ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্য মতে- জনাব মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথেও যুক্ত ছিলেন। এছাড়াও ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ দেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। অপরদিকে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *