পাঁচ ভাই নিহতের ঘটনায় আসামী পিকআপ চালক অবশেষে গ্রেফতার!!
শুভ বার্তা ডেস্কঃ-
১১ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৩০ মিনিট
ছবিঃ সংগৃহিত
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় সেই পিকআপ চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছেন র্যাব। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি জনাব ইমরান খান। জনাব ইমরান খান দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য যে- গত ৮ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় পিকআপ চাপায় পাঁচ ভাই নিহত হয়। যা পরিকল্পিত হত্যা বলে দাবী করে আসছে নিহতের স্বজনেরা। পিকআপ ভ্যানের চাপায় নিহত পাঁচ ভাই হলেন- অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। আরেক ভাই প্লাবন সুশীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা সুশীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ৮ ফেব্রুয়ারী রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে একটি মামলা করেন। ঘটনার দিন বিকালে ডুলাহাজারার রংমহল এলাকা থেকে স্থানীয় জনগণ পিকআপটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও গাড়ির চালককে আটক করতে না পাড়ায় নিহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে। অবশেষে শুক্রবার রাতে ঘাতক চালক সাইফুলকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হলো র্যাবের সদস্যরা। র্যাব জানিয়েছেন যে- ” ঘাতক পিকআপ চালক এই সাইফুলের বিরুদ্ধে খুব দ্রুতই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। “

