“বিশ্ব স্বজন ফাউন্ডেশন পর্তুগাল” এর ইফতার ও দোয়া মাহফিল সুসম্পন্ন
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
ছবিঃ শুভ বার্তা
আজ ১৩ই এপ্রিল ২০২২ইং রোজ বুধবার “বিশ্ব স্বজন ফাউন্ডেশন পর্তুগাল” এর পক্ষ থেকে আয়োজন করা হয় এক ইফতার ও দোয়া মাহফিলের। জনাব নাসির উদ্দীনের সঞ্চালনায় এবং “স্বজন ফাউন্ডেশন পর্তুগাল” এর প্রতিষ্ঠাতা জনাব এড.ফজলুল হক এনামের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ তথা এশিয়ান কমিউনিটির নেতা জনাব রানা তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম, বাংলাদেশ দূতাবাস অব লিসবনের সহকারী কনস্যুলার অফিসার মোহাম্মদ নুর উদ্দিন, “দৈনিক শুভ বার্তার” সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন, পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহিন সাঈদ, পর্তুগাল বিএনপির প্রচার সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ,পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব জাকির হোসাইন সহ পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর একে একে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রানা তাসলিম উদ্দিন বলেছেন যে- “স্বজন ফাউন্ডেশন হচ্ছে স্বজন, পরিচিত – অপরিচিত সবারই সংগঠন। এই স্বজন ফাউন্ডেশন থেকে সবাই উপকৃত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীতে স্বজন ফাউন্ডেশন যেন আন্তর্জাতিকভাবে তার কর্ম পরিধি বিস্তার লাভ করতে পারে এবং সেই সাথে আগামীতে যেন বিশ্বের অন্যান্য দেশের স্বজন ফাউন্ডেশনের সকল শুভানুধ্যায়ীদের নিয়ে এক সাথে এমন একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পারে সেই আশাও ব্যক্ত করছি।”
বিশেষ অতিথির বক্তব্যে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম বলেছেন যে- “গত দু’বছর কোভিড-১৯ এর জন্য আমরা সবাই খুবই আতংকিত ছিলাম। কে বাঁচি – কে মরি তার কোন গ্যারান্টি ছিল না। মহান আল্লাহর শুকরিয়া যে সব বাধা-বিপত্তি কাটিয়ে আজ আমরা আবারো একত্রিত হতে পেরেছি। স্বজন ফাউন্ডেশনের কার্যক্রমে আমরা অভিভূত। আমরা সবসময়ই ভালো ও সূজনশীল কাজের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ সাহাব উদ্দিন বলেছেন যে- “মহান রবের শুকরিয়া যে- তিনি আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশে বসার তাওফিক দান করেছেন। মাহে রমজান মাস আমাদেরকে ধৈর্য্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আর তাই আমরা শুধুমাত্র খানা-পিনাই পরিত্যাগ করবো না, বরং নিজেদেরকে সবদিক থেকেই ধৈর্যের সাথে আত্মশুদ্ধি করবো। তবেই বাস্তবে মাহে রমজানের ফজিলত আমরা জীবনে কাজে লাগাতে পারবো।
সভাপতির বক্তব্যে জনাব এড.ফজলুল হক এনাম বলেছেন যে- “স্বজন ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আপনারা এটাই প্রমাণ করেছেন যে- স্বজন ফাউন্ডেশনকে আপনারা অকৃত্রিমভাবে ভালোবাসেন। আজকের ইফতার ও দোয়া মাহফিলে আপনাদের সরব উপস্থিতি ও সহযোগীতার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্বজন ফাউন্ডেশন সামনে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী এ অরাজনৈতিক সামাজিক সংগঠনটি আপনাদের সহযোগীতা নিয়ে আরো সামনে এগিয়ে যাবে এবং আরো ব্যাপকভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করবে।”

