যথাযোগ্য ধর্মীয় অনুভূতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ সংগৃহীত
ইউরোপের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন দেশ পর্তুগালে গত ০২রা মে ২০২২ইং রোজ সোমবার যথাযোগ্য ধর্মীয় অনুভূতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও প্রাণবন্তভাবে পালিত হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুলোর একটি “পবিত্র ঈদুল ফিতর”।

পরিসংখ্যান মতে- পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী তথা এশিয়ান অধ্যুষিত “মার্তিম মনিজ পার্কে”। প্রায় ৫-৮ হাজার মুসল্লীর সমাগম হয়েছিল এবারের পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে।

সকাল ৮.০০ ঘটিকার সময় ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হলেও মুসল্লীরা জামায়াত স্থলে আসতে শুরু করেন ভোর ৬.০০ ঘটিকার আরো আগ হতে। ঈদ জামায়াত শুরুর আগে পবিত্র আল-কুরআন ও পবিত্র আল-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ” লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের” ইমাম ও খতিব মাওলানা জনাব আবু সাইদ ও “মার্তিম মনিজ জামে মসজিদের” ইমাম ও খতিব মাওলানা জনাব আলাউদ্দিন। পরে ঈদের নামাজের জামায়াত পরিচালনা করেন মাওলানা জনাব আবু সাইদ।

পুরো ইউরোপের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে বড় এই ঈদ জামায়াতে উপস্থিত ছিলেন “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মধ্যপ্রাচ্য এবং পুরো আফ্রিকা সহ বিশ্বের অন্যান্য দেশের কমিউনিটির সর্ব-শ্রেণীর মানুষেরা।

সকাল ৮.০০ ঘটিকার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ঈদের নামাজের জামায়াত স্থল। পরে ঠিক ৮.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতরের এই বড় ঈদের নামাজের জামায়াত। সবশেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহের উন্নতি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তোর হযরত হামজা (রাঃ) মসজিদে সকাল ৮.০০ ঘটিকা এবং সকাল ৯.০০ ঘটিকায় দুটি, পোর্তোর কেন্দ্রীয় হযরত বেলাল (রাঃ) জামে মসজিদে সকাল ৬.৫০ মিনিটে এবং সকাল ৮.০০ ঘটিকায় আরো দুটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।

এছাড়াও “লিসবন কেন্দ্রীয় জামে মসজিদে” সকাল ৭.০০ ঘটিকা ও সকাল ৯.০০ ঘটিকার সময় আরো দুটো ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। পর্তুগালের কাসকাইসে সকাল ৮ ঘটিকায়, সাকাভেঁই সকাল ৮.০০ ঘটিকায়, আমাদোরা ও অধিভিলাসে সকাল ৭.৩০ মিনিটের সময় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও পর্তুগালের বাদ-বাকী সবগুলো ছোট- বড় শহরেও পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ঈদ মানেই খুশি – ঈদ মানেই আনন্দ। ঈদের এই হাসি- খুশি ও আনন্দ সারা বছরই বয়ে যাক আমাদের প্রাত্যহিক জীবনে, আমিন।

