চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ সাংসদ সদস্য ডেভিড অ্যামেস নিহত
শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
১৫ অক্টোবর ২০২১ ইং
আজ ১৫ অক্টোবর ২০২১ইং রোজ শুক্রবার ব্রিটেনের স্থানীয় একটি চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
তার পূর্বে মিঃ ডেভিড অ্যামেসের কার্যালয় ও পুলিশ সূত্র জানিয়েছিল যে-” অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। আর এই জঘন্য ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করেছেন। লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন বলে স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত আর কোন কিছুই গণমাধ্যমকে জানাতে পারেননি বলে অ্যামেসের কার্যালয়ের তরফ থেকে জানা গেছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানান যে- ” লে-অন-সি’র ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা যথাযথ তদন্ত চালিয়ে যাচ্ছি। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে।”

