নির্বাচন নষ্টের ষড়যন্ত্র করছে বিএনপি – হাসানুল হক ইনু

শুভ বার্তা ডেস্কঃ-
০৯ জানুয়ারী ২০২২ইং, ০১:৩৫ মিনিট
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে- “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়। এ কারণে তারা সংলাপ বর্জন করেছে। জাতীয় সরকার গঠনের কিংবা অস্বাভাবিক সরকারের দাবি জানিয়ে দেশকে কার্যত সাংবিধানিক ধারার বাইরে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।”
সাক্ষাৎকারে জনাব ইনু আরো বলেছেন যে- ” অতীত অভিজ্ঞতা বলে, শুধু ভালো নির্বাচন দেশে রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র শর্ত না, আরও কিছু শর্ত আছে। এসব শর্ত পূরণ করা না গেলে ভোটের মাঠে যারা পরাজিত হবেন, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। সরকার উৎখাতের ষড়যন্ত্রও করবে।
এজন্য সবার আগে প্রয়োজন ৫০ বছর ধরে চলতে থাকা অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হওয়া। এটা না হওয়া পর্যন্ত দেশে এক হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। ”
তিনি আরো বলেছেন যে- ” ইসি গঠনের সাংবিধানিক ক্ষমতা একমাত্র মহামান্য রাষ্ট্রপতির। এজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার যে আমন্ত্রণ জানিয়েছেন, তা ওনার মহানুভবতা। আমি এজন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। রাষ্ট্রপতি এটা না করলেও তার কোনো ক্ষতি ছিল না। বরং তার এই সংলাপে বসার উদ্যোগ ইসি গঠন প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক করতে সাহায্য করছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের এই সংলাপে অংশ না নেওয়াটা সত্যিই দুঃখজনক। অতীতে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ইসি কখনো ভালো কাজ করেছে, কখনো একটু খারাপ কাজ করেছে। সুতরাং রাষ্ট্রপতির মনোনীত ইসি একেবারেই অর্থহীন-এই ভাবনাটা সঠিক মনে করি না।”
