ভোটের অধিকার নিয়ে যারা খেলেছে তারা শাস্তি পেয়েছে – প্রধানমন্ত্রী

শুভ বার্তা ডেস্কঃ-
১১ জানুয়ারী ২০২২ইং, ২১:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “জনগণের অধিকার নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে তারা তাদের শাস্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে হঠিয়েছে। আর জনগণের ভোটে নির্বাচিত হয়েছি বলেই আমরা আজ ১৩ বছর পূর্ণ করতে পেরিছি এবং পর পর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি। জনগণের ভোটে নির্বাচিত না হলে সেটা সম্ভব ছিল না। এটা হচ্ছে বাস্তবতা। আর এই বাস্তবতাকে শিকার করতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন যে- “জাতির পিতা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যে দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন সে মতেই বাংলাদেশ চলবে। আর দেশের এই অগ্রযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়েও সকলকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরো বলেছেন যে- “জাতির পিতা ১০ জানুয়ারী দেশে ফিরে অর্থাৎ পাকিস্তানের কারাগার থেকে এসে একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিনির্ধারণী বক্তৃতা দিয়েছিলেন। যে আদর্শ নিয়ে বাংলাদেশ চলবে সেই আদর্শ তিনি ব্যক্ত করেছিলেন। আর সেই আদর্শ নিয়েই আমাদের চলতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর দেশের এই অগ্রযাত্রা যাতে কোনভাবে ব্যাহত না হয় সে দিকেও লক্ষ্য রাখতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের কেন্দ্রিয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভেনিউয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
