অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “মার্তিম মনিজ পার্কে” অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহার ঈদ জামায়াত !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ শুভ বার্তা
০৯ই জুলাই ২০২২ইং রোজ শনিবার পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। আর এরই ধারাবাহিকতায় ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যমন্ডিত দেশ পর্তুগালেও অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা।

০৯ই জুলাই রোজ শনিবার সকাল ০৮.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের “মার্তিম মনিজ পার্কে” অনুষ্ঠিত হয়েছে পুরো ইউরোপের মধ্যে পবিত্র ঈদুল আযহার সবচেয়ে বড় ঈদ জামায়াত। আর উক্ত ঈদুল আযহার নামাজে আনুমানিক ৫-৭ হাজার মুসল্লীর সমাগম ঘটেছে বলা যায়, আলহামদুলিল্লাহ।

পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত “মার্তিম মনিজ পার্কে” অনুষ্ঠিত হয়েছে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঈদ জামায়াত। ভোর ৫.৩০ মিনিট হতেই লোক সমাগম ঘটতে থাকে ঈদ জামায়াত স্থলে। পরে সকাল ৮.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহা’র নামাজ।

ঈদের নামাজ শুরুর আগে ঈদুল আযহা’র ফজিলত তুলে ধরে বয়ান পেশ করেন লিসবন “বায়তুল মোকাররম জামে মসজিদ” এর ইমাম ও খতিব মাওলানা জনাব আবু সাঈদ ও “মার্তিম মনিজ জামে মসজিদ” এর ইমাম ও খতিব মাওলানা জনাব মোঃ আলাউদ্দিন। পরে ঈদুল আযহা’র নামাজ পরিচালনা ও খুতবা পাঠ করেন মাওলানা জনাব আবু সাঈদ।

পবিত্র ঈদুল আযহা’র নামাজের পরে পুরো বিশ্বের মুসলিম উম্মাহ ও সবার রোগ মুক্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত ঈদ জামায়াতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস অব লিসবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও চাকুরীজীবি-সহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকান কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা। সবার সরব উপস্থিতিতে খুবই সুষ্ঠু, সুন্দর ও অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আযহা’র ঈদ জামায়াত, আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য যে- “মার্তিম মনিজ পার্ক” ছাড়াও লিসবন সেন্ট্রাল মসজিদ, বাণিজ্যিক নগরী পোর্তু-সহ পর্তুগালে সবগুলো ছোট বড় শহরের খোলা মাঠ ও মসজিদে যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহা’র নামাজের জামায়াত।

