বৃহত্তর সিলেটে ভয়াবহ বন্যায় ৪০ হাজারের বেশি কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের অনাকাংখিত পাহাড়ি ঢলের বদৌলতে সৃষ্ট বন্যায় অল্পদিনের ব্যবধানে পর পর দু’বার প্লাবিত হয় পুরো বৃহত্তর সিলেট। বৃহত্তর সিলেটে ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি কাঁচা বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জনাব আহসানুল আলম দেশের গণমাধ্যমকে জানান যে- “সিলেট সিটি করপোরেশন ব্যতীত জেলার ১৩টি উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪০ হাজার ৯১টি কাঁচা ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

জনাব আহসানুল আলম আরো বলেছেন যে- “এবারের ভয়াবহ এ বন্যায় বৃহত্তর সিলেটের ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ঘরবাড়ি নির্মাণ বা মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বা অনুদান প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অনুদান আসলে আমরা তা সমানভাবে বন্টনের ব্যবস্থা গ্রহণ করবো।”

উল্লেখ্য যে- সিলেট জেলা প্রশাসন সূত্র থেকে আরো জানা যায় যে- বুধবার পর্যন্ত জেলার ৬১৪টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫২ হাজার ৭৮৪ জন লোক আশ্রয় গ্রহণ করেন। প্রত্যক্ষভাবে গ্রামীণ জনপদের ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি পরিবার বিভিন্নভাবে ঘরবাড়ি ভেঙে এবং ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিলেট নগরীসহ ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়। এতে জেলার প্রায় ৩০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *