সিলেটের শাবিপ্রবি-তে কাফনের কাপড় পরে অনশনঃ হাসপাতাল থেকে ফিরে আবার ফের অনশনে ২ শিক্ষার্থী
শুভ বার্তা ডেস্কঃ-
২২ জানুয়ারী ২০২২ইং
ছবিঃ সংগৃহিত
ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবীতে এবার কাফন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৩টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে চেতনা একাত্তর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা দেশের গণমাধ্যমকে জানান যে- “শাবি’র পরিস্থিতি এবং তাদের দাবীর কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আবদুল হামিদের কাছে খোলা চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছেও তারা এই সমস্যা সমাধানের আবেদন জানাচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন যে- ” তাদের এক দফা এক দাবী ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণ চলে গেলেও তবু আন্দোলন থেকে পিছপা হবে না। ইতোমধ্যে অনশনরত অনেক শিক্ষার্থী মুমূর্ষ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তবুও তারা অনশন ভঙ্গ করেননি।”
অনশনরত ২৩ শিক্ষার্থীর ১৬ জন মেডিক্যালে। আমরণ অনশনে যোগ দেয়া আরেক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন বিভিন্ন সরকারি বেসরকারি মেডিক্যালে ভর্তি আছেন। শিক্ষার্থীদের একদফা দাবী -তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চান। তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেনা বলে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন।

