সিলেটের শাবিপ্রবি-তে পুলিশের গুলি ও টিয়ারশেলে আহত ২০ শিক্ষার্থী

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১৭ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:০৮
ছবিঃ জুয়েল চৌধুরী
তিন দফা দাবীতে আন্দোলনরত ছাত্রীদের উপর ছাত্রলীগকর্মীদের হামলা ও হেনস্তার ঘটনায় উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এর জেরে রোববার বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
পরে খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি) ও শতাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ভবনের তালা ভেঙে ভিসিকে বের করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দিলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শিক্ষার্থীদের উপর টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়েন পুলিশ। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে- “রোববার বিকেল ৩টার দিকে একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বের হন। ভিসিকে দেখা মাত্র গোল চত্বরে অবস্থানরত শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় ভিসির পাশে থাকা অন্য শিক্ষক ও কর্মকর্তারা তাকে ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনে আশ্রয় নিতে চাইলে শিক্ষার্থীরা তাদের ঘিরে টানাহেঁচড়া করতে থাকে। প্রায় ৫ মিনিট পর শিক্ষক ও কর্মকর্তারা ভিসিকে আইআইসিটি ভবনের ভিতরে নিয়ে যান। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে জোরপূর্বক ঢুকতে চাইলে ভবনে থাকা নিরাপত্তাকর্মীরা তাদেরকে বাধা দিলে শিক্ষার্থীরা ভবনের সবগুলো গেইটের তালা লাগিয়ে দেন।
ভিসিকে উদ্ধারে বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা উত্তেজনাকর স্লোগান দিতে শুরু করেন। তীব্র উত্তেজনার মুখে সাড়ে ৫টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে একজন পুলিশ সদস্য ও অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
