আগামীকাল পুরো বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
২০ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২১:১৮ মিনিট
ছবিঃ শুভ বার্তা
আগামীকাল পুরো বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পুরো বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালেও পালিত হবে মহান “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। পর্তুগালের রাজধানী লিসবন, বাণিজ্যিক নগরী পর্তো-সহ দেশের সবগুলো বড় বড় শহরেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই এ দিবসটি পালিত হবে।
লিসবনের স্থায়ী শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ও পুষ্পস্তবক অর্পণ করতে উপস্থিত থাকবেন “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর মহামান্য রাষ্ট্রদূত মহোদয়, দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, লিসবনের সরকারী বিভিন্ন অফিস-আদালতের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংস্থা, সমবায় সমিতি, ব্যবসা প্রতিষ্ঠান, প্রেস মিডিয়া ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহান ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পর অনুষ্ঠিত হবে এক মত বিনিময় ও আলোচনা সভা।
যেহেতু বিশ্বময় করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে, সেহেতু সবাইকে করোনার যথাযথ প্রতিকার গুলো মেনেই শহীদ মিনারের প্রবেশ এবং মহান ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করতে পর্তুগীজ সরকার ও “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

