পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
২১ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ১৭:৩০ মিনিট
ছবিঃ শুভ বার্তা
আজ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ পর্তুগাল-সহ পুরো বিশ্বে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে “মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। পর্তুগালের রাজধানী লিসবন, বাণিজ্যিক নগরী পর্তো-সহ দেশের সবগুলো বড় বড় শহরেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই এ দিবসটি পালিত হয়েছে।
সকাল ৮.৩০ মিনিটের পর থেকেই লিসবনের স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান জানাতে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংস্থা, প্রেস মিডিয়া, বিভিন্ন সমবায় সমিতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় “বাংলাদেশ দূতাবাস অব পর্তুগাল” এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রদূত জনাব তারিক আহসান। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন লিসবন “আরোইস মিউনিসিপ্যালিটির” প্রেসিডেন্ট জনাবা মাদালেনা নাতিভিদাধ। এরপর একে একে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংস্থা, বিভিন্ন সমবায় সমিতি, প্রেস মিডিয়া ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানানো হয় যথাযথ সম্মান ও ভালোবাসা।
এরপর ভাষা শহীদদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রদূত জনাব তারিক আহসান ও “আরোইস মিউনিসিপ্যালিটির” প্রেসিডেন্ট জনাবা মাদালেনা নাতিভিদাধ। এরপর সমবেত কন্ঠে পরিবেশন করা হয় অমর একুশে সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো -একুশে ফেব্রুয়ারী” সংগীতটি। সংগীতের পর পরই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

