যথাযোগ্য মর্যাদায় পর্তুগালে পালিত হবে “মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”

শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
২০ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ১২:৫৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

আগামী ২১শে ফেব্রুয়ারী ২০২২ইং পুরো বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালেও পালিত হবে মহান “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ দেশ পর্তুগালের রাজধানী লিসবন, বাণিজ্যিক নগরী পর্তো-সহ দেশের সবগুলো বড় বড় শহরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই এ দিবসটি পালিত হবে।

লিসবনের স্থায়ী শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ও পুষ্পস্তবক অর্পণ করতে উপস্থিত থাকবেন “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর মহামান্য রাষ্ট্রদূত মহোদয়, দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, লিসবনের সরকারী বিভিন্ন অফিস-আদালতের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংস্থা, সমবায় সমিতি, ব্যবসা প্রতিষ্ঠান, প্রেস মিডিয়া ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহান ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পর অনুষ্ঠিত হবে এক মত বিনিময় ও আলোচনা সভা।

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” পর্তুগীজ পিএস নেতা ও পর্তুগাল এশিয়ান কমিউনিটির সিনিয়র ব্যক্তিত্ব জনাব রানা তাসলিম উদ্দিন জানিয়েছেন যে- ” আগামী ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণের জন্য ঐ দিন সকাল ৮.০০টা থেকে ৯.০০ টার মধ্যেই আমরা সবাই “লারগো ইন্তেন্দেন্তে/ Largo Intendente” উপস্থিত থাকবো। ওখান থেকেই সবাই সমবেত হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করবো। আপনারা সবাই মাস্ক নিয়ে আসবেন এবং প্রত্যেকে নিজ নিজ সংগঠন কিংবা সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি অর্পণের জন্য আলাদা আলাদা ফুলের তোড়া নিয়ে আসবেন।”

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” মুঠোফোনে পর্তো থেকে পিএস নেতা ও কাউন্সিলর জনাব শাহ আলম কাজল জানিয়েছেন যে- ” প্রতিবছরের মতো এবারো আমাদের এখানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি” পালিত হবে। ২১শে ফেব্রুয়ারী ভোরে আমরা সবাই সমবেত হয়ে এখানকার স্থায়ী শহীদ মিনারে যাবো এবং মহান ভাষা শহীদদের প্রতি সম্মানসূচক পুষ্পস্তবক অর্পণ করবো। তারপর থাকছে একটি আলোচনা সভা আর রাতে থাকছে ডিনারপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ”

 

এ বিষয়ে দৈনিক শুভ বার্তাকে জনাব মোঃ সাহাব উদ্দিন জানিয়েছেন যে- “জাতির শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ দিনটির একটি হচ্ছে এই “মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি”। আর তাই আমরা অবশ্যই যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবো। তবে যেহেতু এখন বিশ্বময় করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে, সেহেতু আমরা অবশ্যই করোনার যথাযথ প্রতিকার গুলো মেনেই তা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *