এরদোগান ও তুর্কি জনগণকে ধন্যবাদঃ ভলোদেমির জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২৬ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

বর্তমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার আগ্রাসনের মুখে যুদ্ধ পরিস্থিতিতে জোরালো সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। শনিবার এক টুইট বার্তায় তিনি তুরস্কের প্রতি এই কৃতজ্ঞতা জানান।

 

টুইট বার্তায় মিঃ ভলোদেমির জেলেনস্কি বলেছেন যে- “আমি আমার বন্ধু তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তুর্কি জনগণকে তাদের জোরালো সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণসাগরে রুশ জাহাজের চলাফেরা বন্ধে নিষেধাজ্ঞা এবং বিপুল মাত্রায় সামরিক ও মানবিক সহায়তা ইউক্রেনের জন্য আজ প্রয়োজন। ইউক্রেনের জনগণ তা কখনো ভুলবে না।”

তবে ভূমধ্যসাগর থেকে কৃষ্ণসাগরে চলাচলে দার্দানেলিস ও বসফোরাস প্রণালী নিয়ন্ত্রণে রাখা তুরস্ক রুশ জাহাজের চলাচলে কোনো নিষেধাজ্ঞা এখনো তুরস্ক ঘোষণা করেনি। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য যে- গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *