লিজ ট্রাস-ই হচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী !!!
শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
ছবিঃ সংগৃহীত
বহু জল্পনা-কল্পনা ও কঠিন প্রতিযোগীতার পর ইংল্যান্ডের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জনপ্রিয় নেত্রী লিজ ট্রাস-ই হচ্ছেন দেশটির নতুন এবং পরবর্তী প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বরিস জনসন ডাউনিং স্ট্রিট থেকে বিদায় নেয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ট্রাস।
উল্লেখ্য যে- নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস হবেন যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। তিনি ১৯৭৯ সাল থেকে টানা ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। থেরেসা মে ২০১৬ সালে যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কিন্তু ব্রেক্সিট নিয়ে তীব্র বিভেদ ও টানাপোড়েনের মধ্যে তাকে বিদায় নিতে হয়।
গত জুলাই মাসে প্রধানমন্ত্রী বরিস জনসন যখন দলের মধ্যে তীব্র অসন্তোষের মুখে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন, তার পরই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে শেষ পর্যন্ত এতে জয়ী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তিনি ৮০ হাজার ৩২৬ ভোট পান, আর তার প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক পান ৬০ হাজার ৩৯৯ ভোট।
নিজ দলের নেতা-কর্মীদের ভোটের ফল ঘোষণার পর লিজ ট্রাস এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবিসি-সহ বিশ্ব গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে- “ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করা এবং কর কমানোর জন্য আমার একটি ‘বলিষ্ঠ পরিকল্পনা’ রয়েছে। আমি খুবই আশাবাদী এবার সে পরিকল্পনাটি বাস্তবায়িত করতে পারবো।”

