পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয়েছেঃ আগামী ৯০ দিনের মধ্যে ফের নির্বাচন !!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৩ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৮:২৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইমরান খান পাকিস্তানে নতুন এক রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। পাকিস্তানে ইমরান খান সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল, তা রোববার খারিজ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরি।
এর পরই প্রধানমন্ত্রী ইমরান খান জানান, তিনি সংসদ ভেঙে দেয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতিও পরামর্শ পেয়ে বিলম্ব করেননি। তিনি সংসদ ভেঙে দেন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান খান। ৯০ দিনের মধ্যে দেশটিতে ফের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। অবশ্য পার্লামেন্ট ভেঙে দেয়া ও অনাস্থা প্রস্তাবকে অবৈধ হিসেবে অভিহিত করার বিষয়টি এখন পাকিস্তানের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। সেখানে কী সিদ্ধান্ত হয়, তার ওপর অনেক কিছু নির্ভার করছে।
তবে আপাতত বিরোধী জোট বেশ হতচকিত হয়ে গেছে। ডেপুটি স্পিকারের সংসদ মুলতবি ঘোষণা করার পর তারা নিজেরাই সংসদে অধিবেশন শুরু করেন। অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়ার সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় জাতীয় সংসদের বিরোধী দলনেতা শেহবাজকে।

