আগামী রোববার গণভবনের সামনে তিন দাবি নিয়ে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সোহেল তাজ !!
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তানজিম আহমেদ সোহেল তাজ তিন দাবি আদায়ে আগামী রোববার গণভবনের সামনে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনের সামনে ঐ দিন বিকালে তিনি প্ল্যাকার্ড হাতে দাঁড়াবেন বলে জানা গেছে।
এরপর তিন দফা দাবি সংবলিত আবেদন অর্থাৎ স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- ” মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্ম কিছুই জানে না। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি জরিপ রিপোর্টের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এতে দেখা গেছে জাতীয় নেতা কারা, তা ছাত্রছাত্রীরা বলতে পারে না। শহিদ মিনার ও স্মৃতিসৌধের পার্থক্য তারা বোঝে না। স্বাধীনতাবিরোধী কারা, তাও বলতে পারে না। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের এই ধারণা খুবই হতাশাজনক। তাই বিষয়টিকে এখনই গুরুত্ব না দিলে সামনের দিনগুলোতে জাতির জন্য চরম সংকট অপেক্ষা করছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।”
জনাব সোহেল তাজের তিন দাবির মধ্যে রয়েছে-১০ এপ্রিল সরকারিভাবে রিপাবলিক ডে পালন, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সামরিক-বেসামরিক সংগঠক ও যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে তাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এবং ৩ নভেম্বর জেলহত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন।

