রমজানুল মোবারকের বিশ তারিখঃ ঐতিহাসিক মক্কা বিজয় দিবস
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
মাহে রমজান মাসের বিশ তারিখ ইসলামের ইতিহাসে খুবই ঐতিহাসিক একটি দিন। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যবহ একটি ঘটনার সাক্ষী মাহে রমজানের বিশ তারিখ। শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্ব সভ্যতার ইতিহাসে অনন্য সাধারণ বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী এ ঘটনাটি হলো মক্কা বিজয়।
ইসলামের নবী হয়রত মুহাম্মদ (সাঃ) হিজরতের অষ্টম বছরে ১০ হাজার মুসলিম সৈন্যের এক বাহিনী নিয়ে মক্কা নগরী জয় করেছিলেন এদিনে। আজ থেকে ১৪৩৩ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৎকালীন আরব ভূমির সবচেয়ে প্রসিদ্ধ জনপদে এ বিজয় নিশান উড্ডয়ন করেছিলেন।
আর এ ঘটনাটি ছিল মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের, সাফল্যের ও সন্তুষ্টির। স্রষ্টাভোলা মানব জাতিকে সত্যপথের দিশা দানের জন্য বনি আদমের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ) ধূলির ধরায় তাশরিফ আনেন মরু আরবের এক জীর্ণ কুটিরে।
আরবের শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ঘরে বিবি আমিনার কোল উজালা করে শ্রেষ্ঠতম এ মহামানব পৃথিবীতে এসে শৈশবকাল থেকে নিজের চারিত্র্যিক মাধুর্য ও উন্নত মানবীয় গুণাবলী দ্বারা সহজেই দৃষ্টি আকর্ষণ করেছিলেন মক্কার মানুষদের।
শত অনাচার ও অসুন্দরের মধ্যে একজন উন্নত চরিত্রের মানুষ প্রথম থেকেই মানবজাতির অধঃপতন ও নিম্নগামিতা অনুভব করেছিলেন। ৪০ বছর বয়সে ওহি লাভের পর যখন তিনি মানুষকে রাব্বুল আলামিনের দিকে আহ্বান জানালেন এবং এরপর ধীরে ধীরে রাসুল (সাঃ) ও সাহাবীদের উপর কাফেরদের অমানবিক নির্যাতন ও অত্যাচার শুরু হয়।
এক সময় জানে বাঁচতে রাসুল (সাঃ) তার সঙ্গীদের নিয়ে হিজরত করলেন মদিনায়। তারপর অর্থাৎ আজ থেকে প্রায় ১৪৩৩ বছর আগে পবিত্র মাহে রমজান মাসের ২০ তারিখে ১০ হাজার সৈন্য নিয়ে এসে পূণরায় মক্কা বিজয় করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। আর সেই থেকেই এ দিনটি ঐতিহাসিক মক্কা বিজয় দিবস হিসেবেই পালিত হয়ে আসছে।

