ভারতের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ নিহত অন্তত ২৬ জন
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
১৩ই মে ২০২২ইং রোজ শুক্রবার ভারতের দিল্লিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যায় একটি তিনতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও ওই অগ্নিকাণ্ডের ঘটনা স্থল থেকে উদ্ধার করা হয়েছে আরো অন্তত ৬০ থেকে ৭০ জনকে। এদিকে আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দিল্লি পুলিশের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে- ” শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে ধীরে ধীরে আগুন ছড়াতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
এ সময় আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। তবে সর্বশেষ খবর অনুযায়ী আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
দিল্লির পুলিশ বিশ্ব গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে- “অগ্নিকাণ্ডের সঠিক কারণ অবশ্যই খতিয়ে দেখা হবে। পাশাপাশি ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তাও দেখা হবে।”

