নিরুপায় হয়েই জ্বালানির দাম কিছুটা সমন্বয়ে করতে হচ্ছেঃ নসরুল হামিদ
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদের উদ্ধৃতি দিয়ে গতরাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে- “অনেকটা নিরুপায় হয়েই জ্বালানির দাম কিছুটা সমন্বয়ে করতে হচ্ছে।”
বিবৃতিতে প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ আরো বলেছেন যে- “জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যত দিন সম্ভব ছিল, তত দিন সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করেনি। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই দাম কিছুটা সমন্বয়ে যেতে হচ্ছে।”
জ্বালানি প্রতিমন্ত্রী বিবৃতিতে আরো যোগ করে বলেছেন যে-“২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করা হবে।”
উল্লেখ্য যে- এক লাফে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ। শুক্রবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির তথ্য জানানো হয়।

