পুলিশ তার প্রজাতান্ত্রিক দায়িত্ব ভুলে গেছেনঃ ছাত্রদল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জনাব কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক জনাব সাইফ মাহমুদ জুয়েল এর পক্ষ থেকে দেশের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে যে- “বাংলাদেশের পুলিশ তার প্রজাতান্ত্রিক দায়িত্ব ভুলে গেছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশে মানবিক পুলিশের প্রত্যাশা ব্যক্ত করছি।”
উল্লেখ্য যে- রোববার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ছয়টার দিকে কয়েক প্রগতিশীল ছাত্রসংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বাম সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলকারীরা শাহবাগ ও কাঁটাবন মোড় ঘুরে আবার শাহবাগ মোড়ে এসে মূল সড়কসংলগ্ন ফুটপাতে বিক্ষোভ সমাবেশে মিলিত হন। শান্তিপূর্ণ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ বিক্ষোভরত সংগঠনের নেতা-কর্মীদের ওপর হঠাৎ লাঠিপেটা শুরু করে। কর্মীদের পাশাপাশি ব্যাপক লাঠিপেটা করা হয় সংগঠনগুলোর শীর্ষ নেতাদেরও।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে- “এই ন্যাক্কারজনক বেআইনি হামলায় অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। একটি গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে আন্দোলনরত ছাত্র সংগঠনের ওপর পুলিশের এই খুনে হামলা পুরো জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো যে, এটি সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট রাষ্ট্র। তাই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকারের কোন ঠাঁই নাই, ঠাঁই নাই।”
রোববার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে পুলিশী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদলের সভাপতি জনাব কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক জনাব সাইফ মাহমুদ জুয়েল এসব মন্তব্য করেন।

