আগামী ১০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে বিএনপি !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ২৯ নভেম্বর ২০২২ইং
ছবিঃ সংগৃহীত
সবকিছু ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উল্লেখ্য যে- বিএনপিকে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এজন্য জুড়ে দেয়া হয়েছে ২৬টি শর্ত।
আজ ২৯ নভেম্বর ২০২২ইং রোজ মঙ্গলবার বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) জনাব আব্দুল মোমেনের স্বাক্ষরিত এক চিঠিতে সমাবেশের অনুমতির কথা বিএনপিকে জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী বরাবর ডিএমপির চিঠিতে বলা হয়েছে যে- ” ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ করার অনুমতি দেয়া প্রসঙ্গে আপনার (রিজভী) ২০ নভেম্বর দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে গণসমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে বিধায় ওই স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে কিছু শর্ত-সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেয়া হলো।” এদিকে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে এখনো অনড় অবস্থানে রয়েছে বলে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির একাধিক সিনিয়র নেতৃবৃন্দ।

