যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও বর্হিবিশ্বে পালিত হয়েছে মহান বিজয় দিবস !!!

শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ- ১৬ ডিসেম্বর ২০২২ইং রোজ শুক্রবার।
ছবিঃ সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও বর্হিবিশ্বে পালিত হয়েছে মহান বিজয় দিবস। পাকিস্তানের সাথে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে মহান বিজয়। সেই থেকেই ১৬ই ডিসেম্বর বাংলাদেশীদের জন্য মহান বিজয় দিবস হিসেবেই পালিত হয়ে আসছে।

এবারের বিজয় দিবসটিও বাংলাদেশ ও বর্হিবিশ্বে পালিত হয়েছে নানা আয়োজন ও আনন্দ উল্লাসের মধ্য দিয়েই। বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সমগ্র জাতি বিনম্র চিত্তে স্মরণ করল সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের আর আমরা পেয়েছিলাম লাল সবুজের একটি পতাকা।

বিজয়ের এই দিনে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা সাম্প্রদায়িক অপশক্তিকে উৎখাত ও দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেয়ার দাবি জানান। পাশাপাশি জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে হিংসা প্রতিহিংসা পেছনে ঠেলে সবাই এক সাথে বসবাসের উপযোগী সমাজ গড়ে তোলার জন্য দেশে শান্তি ও সম্প্রীতি স্থাপনের দৃঢ় প্রত্যাশাও ব্যক্ত করেছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।

কৃতজ্ঞ জাতির সব শ্রেণী পেশার মানুষ শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হন। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জীবিত জাতি দিবসটি উদযাপন করে অন্যরকম অনুভূতি নিয়ে। শীতের কুয়াশা ও ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে সর্বস্তরের মানুষ ভোর থেকেই সাভারে স্মৃতিসৌধের বাইরে ও আশপাশের মহাসড়ক এলাকায় সমবেত হন। ভোরের সূর্য ওঠার আগেই ফুল, মাথায় বিজয় দিবস লেখা ব্যান্ড, জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধে নেমেছিল জনতার ঢল।

উল্লেখ্য যে- বাংলাদেশের বাহিরে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়া-সহ পুরো বর্হিবিশ্বে বসবাসরত বাংলাদেশীরাও স্থানীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবসটি উদযাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *