পর্তুগাল প্রবাসী জনাব জামাল সাহেবের চিরবিদায় !!!
শুভ বার্তা কানাইঘাট প্রতিনিধিঃ-
মাহবুব করিম
তারিখঃ ১১ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ সংগৃহীত
নিজ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, এবং দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু-বান্ধব ও পরিচিতজন সবাইকে কাঁদিয়ে এবং নিজ সন্তানদের এতিম করে চিরদিনের জন্য সবার কাছ থেকে বিদায় নিলেন পর্তুগাল প্রবাসী, অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব এবং সদাহাস্যজ্বল একজন সাদা মনের মানুষ জনাব জামাল উদ্দিন সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব জামাল উদ্দিন সাহেবের বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর। ওনার গ্রামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং ইউপির দলইকান্দি গ্রামে। পর্তুগাল প্রবাসী জনাব জামাল উদ্দিন সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে ওনার স্ত্রী-সন্তান ও পরিবার-পরিজন সবাই একেবারেই ভেঙে পড়েছেন। এরই মধ্যে দেশ-বিদেশ হতে জনাব জামাল উদ্দিন সাহেবের শোক সন্তপ্ত পরিবারের প্রতি অনেকেই সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
জনাব জামাল উদ্দিন সাহেবের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে- আজ ১১ জানুয়ারী রোজ বুধবার সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং ইউনিয়ন পরিষদ অফিসে তিনি গিয়েছিলেন একটি জরুরী কাজে। সেখানেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে ওখানেই হার্ট এট্যাকে তিনি ইন্তেকাল করেন।
এ বিষয়ে ‘দৈনিক শুভ বার্তাকে’ মুঠোফোনে পর্তুগাল প্রবাসী এবং “কানাইঘাট এসোসিয়েশন পর্তুগাল” এর সভাপতি জনাব এম এ রকিব সাহেব জানিয়েছেন যে-” খবরটি সত্যিই অনেক দুঃখজনক। আমাদের সুপ্রিয় জামাল ভাইয়ের মৃত্যু সংবাদটি যেন কিছুতেই মেনে নিতে পারছিনা। মাত্র কিছুদিন আগে তিনি পর্তুগালের রেসিডেন্স পেয়ে দেশে গেছেন সবার সাথে মিটআপ করতে। আর এরই মধ্যে আজ এই দুঃসংবাদ। জামাল ভাইয়ের মৃত্যুর সংবাদটা যেন এখনো আমি পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিনা। খুবই ভালো ও অমায়িক একজন মানুষ ছিলেন তিনি। মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
পরিবারের কর্তা ও একমাত্র উর্পাজনশীল ব্যক্তিত্ব জনাব জামাল উদ্দিন সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে ওনার স্ত্রী ও সন্তানেরা যেন শোকে স্তব্ধ ও হতবাক হয়ে পড়েছেন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব জামাল উদ্দিন সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যকেও যেন সঠিকভাবে ধৈর্য ধরার তাওফিক দান করেন-আমিন।

