একজন নূরউদ্দিন সাহেব এবং প্রাসঙ্গিক কিছু কথা
শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ- ২৩ জানুয়ারী ২০২৩ইং রোজ সোমবার
ছবিঃ সংগৃহীত
একটি মন্তব্য প্রতিবেদনঃ-
সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশ দূতাবাস অব লিসবনে “সহকারী কন্সুলার কর্মকর্তা” হিসেবে কর্মরত থেকে গত ২১ জানুয়ারী ২০২৩ইং লিসবন থেকে বিদায় নিয়ে বাংলাদেশে চলে গেছেন বাংলাদেশ দূতাবাস অব লিসবনের সহকারী কন্সুলার কর্মকর্তা জনাব মোঃ নূরউদ্দিন সাহেব। সবকিছু ঠিক থাকলে দেশে ফিরে গিয়ে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদানের কথা রয়েছে।
২০১৫ সালের নভেম্বর মাস। কোন একটি জরুরী কাজে গিয়ে ছিলাম বাংলাদেশ দূতাবাস অব লিসবনে। প্রথম সাক্ষাৎ জনাব নূরউদ্দিন সাহেবের সাথে। প্রথম সাক্ষাতেই বুঝতে পারলাম তিনি খুবই অমায়িক ও দায়িত্ব সচেতন একজন মানুষ। দূতাবাসে সেবা নিতে আসা লোকজনের সাথে খুবই ধৈর্য সহকারে ও বন্ধুত্বপূর্ণ ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। সবার সাথেই ছিলেন হাসি-খুশি ও অত্যন্ত ধৈর্যশীল।
এরপর যতবারই কোন কাজে দূতাবাসে গিয়েছি বা অন্য কোন স্থানে জনাব নূরউদ্দিন সাহেবের সাথে দেখা-সাক্ষাৎ হয়েছে কিংবা কোন প্রোগ্রামে ওনার সাথে মিটআপ হয়েছে প্রতিবারই কিন্তু আমার কাছে ওনাকে ঐ প্রথম সাক্ষাতের মতোই অমায়িক ও বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। খুবই মার্জিত একজন মানুষ তিনি।
বিগত কদিন ধরে শুনছি যে জনাব নূরউদ্দিন সাহেব বাংলাদেশ দূতাবাস অব লিসবনের দায়িত্ব শেষ করে দেশে ফিরে যাচ্ছেন। ৯/১০ দিন আগে হবে। লিসবনের বাঙালী অধ্যুষিত মার্তিম মনিজের রুয়াদা বেনফরমসোতে সন্ধ্যার পর পরই ওনার সাথে দেখা। মিষ্টি একটি হাসি দিয়ে বললেন- “সাহাব ভাই, কেমন আছেন? আগামী ২১ জানুয়ারী দেশে ফিরে যাচ্ছি, দোয়া করবেন।” বললাম- এখানে থেকে গেলেই পারতেন। মিষ্টি হাসি দিয়ে বললেন- “অনেক দিন তো থাকলাম। এবার দেশে ফিরে গিয়ে আবারো ঢাকার পররাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করবো, দোয়া করবেন।”
গত ২১ জানুয়ারী ২০২৩ইং ঢাকার উদ্দেশ্যে লিসবন ছেড়ে গেছেন জনাব নূরউদ্দিন সাহেব। খুব মিস করছি ওনাকে। সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশ দূতাবাস অব লিসবনে কর্মরত থাকার ফলে এখানকার সকল বাংলাদেশীদের সাথে ওনার খুবই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে উঠেছে বলা যায়। আমার মতো হয়তো আরো অনেকেই ওনাকে মিস করছেন। একজন নূরউদ্দিন সাহেবের শূন্য স্থানটি কি অন্য কাউকে দিয়ে পূরণ হবে? কিংবা হওয়া সম্ভব??
জনাব নূরউদ্দিন সাহেব- লিসবন আপনাকে খুবই গভীরভাবে মিস করছে। আপনি যেখানেই থাকেন সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। লিসবনের সকল বাংলাদেশীরাও নিশ্চয়ই তাই চান। ভালো থাকবেন নিরন্তর।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

